কৃষকদের পাশে থাকার আশ্বাস ডিআইজি আশিক সাঈদের

সার, কৃষিপণ্য পরিবহন ও জমি লিজের সমস্যা নিয়ে আলোচনা; মাদক-সাইবার অপরাধ প্রতিরোধে সহযোগিতা চাইলেন ডিআইজি।
নিজস্ব প্রতিবেদক: সারের সুষ্ঠু সরবরাহ, কৃষিপণ্য পরিবহণ নির্বিঘ্ন রাখা, জমি লিজসংক্রান্ত সমস্যা এবং কৃষিকাজে ব্যবহারের জন্য শুল্কমুক্ত সৌরবিদ্যুৎ প্যানেলের সুবিধাসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ কৃষক সমিতির প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ।
বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ‘পদ্মা’ সম্মেলন কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান ময়েজ ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল কিতাব মন্ডলের নেতৃত্বে ৩৮ জন কৃষকের একটি প্রতিনিধি দল এতে অংশ নেয়।
মতবিনিময়কালে কৃষক প্রতিনিধিরা কৃষি খাতের বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। বিশেষ করে কৃষকদের জন্য সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা, কৃষিপণ্য পরিবহণে প্রতিবন্ধকতা দূর করা, জমি লিজসংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান এবং কৃষিকাজে সৌরবিদ্যুৎ ব্যবহারে শুল্কমুক্ত সৌর প্যানেলের সুবিধা দেওয়ার বিষয়টি আলোচনায় আসে।
কৃষক প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন ডিআইজি মোঃ আশিক সাঈদ। আলোচিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
এ সময় ডিআইজি ভেজালমুক্ত খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনের ওপর গুরুত্বারোপ করেন। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মতবিনিময়ে কৃষক ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং অপরাধসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার বিষয়ে কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কৃষক সমাজের সহযোগিতা কামনা করেন ডিআইজি মোঃ আশিক সাঈদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।
মতবিনিময় শেষে বাংলাদেশ কৃষক সমিতির প্রতিনিধি দলের পক্ষ থেকে কৃষকদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য ডিআইজির সামনে প্রদর্শন করা হয়। ডিআইজি কৃষকদের উৎপাদিত পণ্য পরিদর্শন করেন এবং কৃষকদের শুভেচ্ছা ও উৎসাহ প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী এবং রেঞ্জ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







