শহিদ ল্যান্স নায়েক আবেদ আলীর ৩৮তম শাহাদাত বার্ষিকী

বীরত্বের স্বীকৃতিতে পেয়েছিলেন ‘বীর বিক্রম’ খেতাব
টুুইট ডেস্ক: ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৬: শহিদ ল্যান্স নায়েক মো. আবেদ আলী, বীর বিক্রম, এর ৩৮তম শাহাদাত বার্ষিকী আজ। তিনি ১৯৮৮ সালে পার্বত্য চট্টগ্রামে ১২ ইস্ট বেঙ্গল (দ্য স্ট্রাইকিং টুয়েলভ)-এর সঙ্গে জুরাছড়ি জোনে কর্মরত ছিলেন।
১৯৮৮ সালের ১০ সেপ্টেম্বর সকাল ১০টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শান্তি বাহিনীর অবস্থান লক্ষ্য করে জুরাছড়ি জোনের মদইন্যাপাড়া ক্যাম্প থেকে মেজর শহীদ আহমেদের নেতৃত্বে একটি টহল দল বের হয়। সাহসী সেনাসদস্য হিসেবে পরিচিত ল্যান্স নায়েক আবেদ ওই দলের এক নম্বর স্কাউটের দায়িত্বে ছিলেন।
দুর্গম পাহাড়ের ঘন অরণ্যে টহল চলাকালে আনুমানিক সকাল ১১টার দিকে দলটি শান্তি বাহিনীর অ্যামবুশের কবলে পড়ে। স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের গুলিতে ল্যান্স নায়েক আবেদ গুরুতর আহত হন। গুলিবিদ্ধ অবস্থাতেও তিনি শান্তি বাহিনীর অবস্থান লক্ষ্য করে তাঁর এসএমজি থেকে গুলি চালিয়ে প্রতিরোধ অব্যাহত রাখেন। পরে গ্রেনেডের আঘাতে গুরুতর আহত হয়ে একপর্যায়ে মৃত্যুবরণ করেন।
মৃত্যুর আগ পর্যন্ত অসীম সাহসিকতা ও বীরত্বের সঙ্গে প্রতিপক্ষকে প্রতিহত করার প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ মহামান্য রাষ্ট্রপতি তাঁকে ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত করেন।





