অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র হিসেবে নতুন ইতিহাস গড়লেন এলিজা আজাদ রহমান

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা আজাদ রহমান। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ক্যামডেন কাউন্সিলকক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় কাউন্সিলরদের সরাসরি ভোটে এলিজা আজাদ ডেপুটি মেয়র নির্বাচিত হন।

দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় এলিজা আজাদ বলেন, দলীয় সমর্থনের পাশাপাশি কাউন্সিলরদের সরাসরি ভোটে এই দায়িত্ব পাওয়ায় স্থানীয় নাগরিকদের প্রতি তাঁর দায়বদ্ধতা ও কাজের পরিধি আরও বেড়েছে।

চুয়াডাঙ্গার দর্শনায় পৈতৃক নিবাস এলিজা আজাদের। তিনি বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আজাদুল ইসলামের মেয়ে। দুই দশকেরও বেশি সময় আগে শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তিনি।

অস্ট্রেলিয়ায় যাওয়ার পর ধীরে ধীরে দেশটির রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন এলিজা আজাদ। তিনি ক্ষমতাসীন লেবার পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত হন। ২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে ক্যামডেন কাউন্সিলের নর্থ ওয়ার্ড থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন তিনি।

এলিজা আজাদ বলেন, একজন বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করা সহজ ছিল না। তবে কঠোর পরিশ্রম ও মানুষের পাশে থাকার মাধ্যমে তিনি এগিয়ে এসেছেন। নারীরা যাতে রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বে আরও বেশি ভূমিকা রাখতে পারেন, সে লক্ষ্যেও কাজ করতে চান তিনি।

নিজের রাজনৈতিক পথচলায় পরিবারের পাশাপাশি বাংলাদেশি ও স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সম্প্রদায়ের সহযোগিতার কথাও উল্লেখ করেন এলিজা আজাদ। তাঁর ভাষায়, স্বামী-সন্তানসহ পরিবারের সদস্যদের নিরবচ্ছিন্ন সহযোগিতা এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সমর্থন তাঁর সবচেয়ে বড় অনুপ্রেরণা।

সম্প্রতি নিউ সাউথ ওয়েলস রাজ্যের সেরা কাউন্সিল হিসেবে ক্যামডেন কাউন্সিল মর্যাদাপূর্ণ ‘এ আর ব্লুয়েট মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ অর্জন করে। এই সাফল্যের পর কাউন্সিলের ডেপুটি মেয়র হিসেবে এলিজা আজাদের নির্বাচিত হওয়া বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে বাড়তি আনন্দের সৃষ্টি করেছে।

সিডনির বাংলাদেশি সম্প্রদায়ের সদস্যরা এলিজার এই অর্জনকে গর্বের বিষয় হিসেবে দেখছেন। ডেনহ্যাম কোর্টের বাসিন্দা বোরহান খান লিমন বলেন, এলিজা আজাদ দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে মাঠে কাজ করছেন। স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ পদে তাঁর অবস্থান প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরার পাশাপাশি সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।

এর আগে বাংলাদেশি সুমন সাহা সিডনির কাম্বারল্যান্ড সিটি কাউন্সিল এবং মাসুদ খলিল ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে আরেক বাংলাদেশি মাসুদ চৌধুরী ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

এলিজা আজাদের এই নির্বাচনের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে বাংলাদেশি নারীদের নেতৃত্বের ক্ষেত্রে নতুন একটি দৃষ্টান্ত তৈরি হলো।

সূত্র: প্রথমআলো