মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি সফরে কঠোর নির্দেশনা, মানতে হবে যেসব নিয়ম

ভ্রমণ শেষে প্রমাণকসহ বিল দাখিল, এক মাসের মধ্যে অগ্রিম সমন্বয়; আগের বিল নিষ্পত্তি না হলে মিলবে না নতুন অগ্রিম।
টুইট ডেস্ক: দেশ ও বিদেশে সরকারি সফরের ব্যয় পরিশোধ এবং ভ্রমণের আগে অগ্রিম অর্থ বরাদ্দের ক্ষেত্রে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য বেশ কিছু বাধ্যতামূলক নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ভ্রমণ শেষে মূল বিলের সঙ্গে নির্ধারিত প্রমাণক সংযুক্ত করা, এক মাসের মধ্যে অগ্রিম অর্থ সমন্বয় এবং প্রয়োজনীয় নথির তিন সেট দাখিলসহ এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসেবা শাখা থেকে এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। সরকারি অর্থে ভ্রমণের ক্ষেত্রে স্বচ্ছতা ও আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিপত্র অনুযায়ী, সরকারি কাজে দেশে বা বিদেশে ভ্রমণ শেষে প্রকৃত ব্যয় পরিশোধের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগকে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিল দাখিল করতে হবে।
যেসব প্রমাণক দিতে হবে
বৈদেশিক ভ্রমণের ক্ষেত্রে সরকারপ্রধানের অনুমোদিত সারসংক্ষেপের কপি এবং অভ্যন্তরীণ ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের জারি করা অফিস আদেশের কপি বিলের সঙ্গে সংযুক্ত করতে হবে।
যানবাহন ভাড়ার ক্ষেত্রে প্রকৃত ভাড়ার টিকিট, বিমান ভ্রমণের ক্ষেত্রে বিমানের টিকিট ও বোর্ডিং পাস, অনুমোদিত ভ্রমণ বিবরণী এবং ভ্রমণসূচি দাখিল করতে হবে। আবাসিক হোটেলে অবস্থান করলে প্রকৃত পরিশোধিত বিলের কপি বা প্রমাণকও দিতে হবে।
বৈদেশিক ভ্রমণের ব্যয়ের ক্ষেত্রে টাকার পাশাপাশি সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রার বিনিময় হারসংক্রান্ত বিবরণী দিতে হবে। অন্যান্য ব্যয়ের ক্ষেত্রেও সংশ্লিষ্ট ভাউচার বা প্রমাণক সংযুক্ত করতে হবে।
অনুমোদিত সময়ের বাইরে ভ্রমণে নতুন অনুমোদন
সরকারপ্রধানের অনুমোদিত সারসংক্ষেপে উল্লেখ করা ভ্রমণকাল অতিক্রম করে কেউ ভ্রমণ করলে অতিরিক্ত সময়ের জন্য পুনরায় অনুমোদন নিতে হবে।
এক মাসের মধ্যে অগ্রিম সমন্বয়
ভ্রমণের জন্য অগ্রিম অর্থ বরাদ্দের ক্ষেত্রে অর্থ বিভাগের সর্বশেষ জারি করা নির্দেশনা অনুসরণ করতে হবে। অগ্রিম অর্থ নিয়ে ভ্রমণ করলে সফর শেষ হওয়ার এক মাসের মধ্যে অগ্রিম সমন্বয় বিল দাখিল করতে হবে।
আগের ভ্রমণের অগ্রিম অর্থ সমন্বয় না করলে পরবর্তী ভ্রমণের জন্য নতুন করে অগ্রিম অর্থ বরাদ্দ দেওয়া হবে না।
এ ছাড়া নথি ব্যবস্থাপনা ও অর্থ ছাড়ের জন্য পর্যাপ্ত সময় হাতে রেখে অগ্রিম অর্থ বরাদ্দের বিল দাখিল করতে বলা হয়েছে।






