নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

রোহিঙ্গাদের কর্মমুখী প্রশিক্ষণ ও দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে আরও প্রকল্প নেওয়ার আহ্বান শফিকুর রহমানের।

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে জাপানের বৃহত্তম দাতব্য সংস্থাগুলোর একটি নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই পক্ষের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।

বৈঠকে নিপ্পন ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম সম্পর্কে ডা. শফিকুর রহমানকে অবহিত করেন ইয়োহেই সাসাকাওয়া। বিশেষ করে কুষ্ঠরোগের চিকিৎসায় ফাউন্ডেশনের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

এ সময় রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে ফাউন্ডেশনের নেওয়া বিভিন্ন উদ্যোগের বিষয়েও তুলে ধরা হয়। এর মধ্যে রোহিঙ্গাদের কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণ প্রদান এবং আয়বর্ধক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগের কথা উল্লেখ করা হয়।

বাংলাদেশ সফর করায় নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানকে ধন্যবাদ জানান ডা. শফিকুর রহমান। ভবিষ্যতে রোহিঙ্গা জনগোষ্ঠী এবং বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজন বিবেচনায় আরও উন্নয়নমূলক প্রকল্প নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

নিপ্পন ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা ও সহায়তা দেওয়ার আশ্বাসও দেন জামায়াত আমির।

বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।