এবার ৮ বিভাগেই রাবির ভর্তি পরীক্ষা

বরিশালকে নতুন আঞ্চলিক কেন্দ্র হিসেবে যুক্ত করার সিদ্ধান্ত; ৮ জানুয়ারি বাণিজ্য, ৯ জানুয়ারি বিজ্ঞান ও ১৬ জানুয়ারি মানবিক ইউনিটের পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো দেশের আটটি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। নতুন করে বরিশাল বিভাগকে যুক্ত করায় এবার দেশের আট বিভাগেই ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল ১০টায় উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির দ্বিতীয় সভায় বরিশালকে আঞ্চলিক কেন্দ্র হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব বিবেচনা ও গ্রহণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান জানান, ভর্তি উপকমিটির প্রথম সভায় ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট—এই সাত বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে বরিশাল বিভাগের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে দ্বিতীয় সভায় বরিশালকে আঞ্চলিক কেন্দ্র হিসেবে যুক্ত করার প্রস্তাব গ্রহণ করা হয়।

তিনি আরও জানান, এবারের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু করার সুপারিশ করেছে ভর্তি উপকমিটি। প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী আগামী বছরের ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

এ ছাড়া ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের সময়সীমা চলতি বছরের ১২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।