রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

নাটোরে বাস আটকে রাখার ঘটনায় পরিবহন মালিক-শ্রমিকদের বিরোধ, ভোগান্তিতে যাত্রীরা
নিজস্ব প্রতিবেদক : নাটোরে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া কয়েকটি দূরপাল্লার বাস আটকে রাখার অভিযোগকে কেন্দ্র করে রাজশাহী থেকে সারাদেশের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন রাজশাহী থেকে বাইরে যেতে চাওয়া যাত্রীরা।
পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নাটোরে দেশ ট্রাভেলস ও ন্যাশনাল ট্রাভেলসের কয়েকটি বাস আটকে রাখার খবর ছড়িয়ে পড়ার পর রাজশাহীর পরিবহন মালিকপক্ষ ক্ষুব্ধ হয়। এর প্রতিবাদে রাজশাহী থেকে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিবহন সংশ্লিষ্টদের ভাষ্য, কয়েক দিন আগে এ বিরোধের সূত্রপাত। গত ৩ সেপ্টেম্বর রাতে রাজশাহী থেকে দর্শনার উদ্দেশে ছেড়ে যাওয়া রাব্বি পরিবহনের একটি বাস নাটোরে পৌঁছানোর পর আটকে দেওয়ার অভিযোগ ওঠে।
তাঁদের দাবি, তুহিন পরিবহনের মালিকপক্ষ বাসটি থামিয়ে যাত্রীদের অন্য একটি বাসে তুলে দেয়। পরে রাব্বি পরিবহনের বাসটি নাটোরে রেখে দেওয়া হয়। এর জেরে পাল্টা পদক্ষেপ হিসেবে রাজশাহীতে তুহিন পরিবহনের কয়েকটি বাস আটকে রাখা হয়।
পরবর্তী সময়ে নাটোরে রাব্বি পরিবহনের বাস ছেড়ে দেওয়া হলে রাজশাহীতে আটক তুহিন পরিবহনের বাসও ছেড়ে দেওয়া হয়। এতে সাময়িকভাবে পরিস্থিতি স্বাভাবিক হলেও দুই পক্ষের বিরোধের স্থায়ী সমাধান হয়নি।
এর মধ্যেই শনিবার সকালে নাটোরে রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলস ও ন্যাশনাল ট্রাভেলসের কয়েকটি বাস আটকে রাখার খবর আসে। এরপর রাজশিয়া থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে দাবি পরিবহন মালিকপক্ষের।
এদিকে সকাল থেকেই রাজশাহীর বিভিন্ন বাস কাউন্টারে ঢাকাসহ দূরপাল্লার বিভিন্ন গন্তব্যের যাত্রীদের ভিড় থাকলেও বাস না পেয়ে অনেককেই ফিরে যেতে দেখা যায়। কেউ কেউ টিকিটের টাকা ফেরত নিয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।
ঢাকাগামী এক যাত্রী বলেন, আগে থেকেই বাসের টিকিট কাটা ছিল। কাউন্টারে এসে জানতে পারেন বাস চলবে না। হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তিনি।
আরেক যাত্রী বলেন, জরুরি প্রয়োজনে ঢাকায় যেতে হবে। বাস চলাচল বন্ধ থাকায় এখন কীভাবে গন্তব্যে পৌঁছাবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। দুই পক্ষের বিরোধ দ্রুত মিটিয়ে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানান তিনি।
রাজশাহীর এক পরিবহন শ্রমিক বলেন, মালিকদের বিরোধের প্রভাব সরাসরি শ্রমিক ও যাত্রীদের ওপর পড়ছে। আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান হওয়া প্রয়োজন।
উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম বলেন, রাজশাহী ও নাটোরের পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে সৃষ্ট বিরোধের কারণে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।






