উল্টো পথে মন্ত্রীর গাড়ি, দুই মামলা–জরিমানা ৬ হাজার টাকা

সার্কিট হাউস রোডে ট্রাফিক পুলিশের বাধা; চালকের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ
টুইট ডেস্ক: ঢাকার সার্কিট হাউস রোডে উল্টো পথে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে দুটি মামলা করেছে ট্রাফিক পুলিশ। দুই মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা ৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পতাকাবাহী একটি রেঞ্জ রোভার গাড়ি সার্কিট হাউস সড়কের উল্টো দিক দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ গাড়িটি থামিয়ে দেয়।
পুলিশ জানায়, গাড়িটির নম্বর ঢাকা মেট্রো–ঘ-১৮-২১২৫। চালক আরিফ হোসেনকে উল্টো পথে গাড়ি চালানো ঢাকা মহানগর পুলিশের আইন ও ট্রাফিক বিধি লঙ্ঘনের বিষয়টি জানানো হয়। পরে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে তার বিরুদ্ধে দুটি পৃথক ধারায় মামলা করা হয়। প্রতিটি মামলায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঘটনার সময় গাড়িতে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত নিজেও ছিলেন বলে জানিয়েছে পুলিশ। গাড়িটি যখন উল্টো পথে যাচ্ছিল, একই সময়ে পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর সচিবালয়ের দিকে যাচ্ছিল।
ট্রাফিক পুলিশের কর্মকর্তারা বলছেন, দেশে কোনো মন্ত্রীর গাড়ি উল্টো পথে চলার অভিযোগে মামলা হওয়ার ঘটনা এটিই প্রথম। অতীতে যানজট এড়ানো বা দ্রুত গন্তব্যে পৌঁছাতে প্রভাবশালী ব্যক্তি, মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের গাড়ি উল্টো পথে চলার ঘটনা গণমাধ্যমে এলেও এ ধরনের ঘটনায় মামলা হওয়ার নজির ছিল না।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, যানজটের মধ্যেও প্রধানমন্ত্রী ট্রাফিক আইন ও সংকেত মেনে চলাচল করছেন। সেই পরিস্থিতিতে মন্ত্রী বা সচিবসহ শীর্ষ সরকারি কর্মকর্তাদের গাড়িও ট্রাফিক আইন মেনে চলবে—এ ঘটনায় সে বার্তাই স্পষ্ট হয়েছে।
ঘটনাটি বৃহস্পতিবার সচিবালয়সহ প্রশাসনের বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।






