দেশকে অস্থিতিশীল করতে মানুষকে উসকে দেওয়ার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

টুইট ডেস্ক: দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়িয়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মানুষকে উসকে দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়—সবার গর্বিত পরিচয়, আমরা সবাই বাংলাদেশি। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশের সব নাগরিককে পারস্পরিক সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রাখতে হবে।

তিনি বলেন, জনগণের সব অধিকার কেড়ে নিয়ে কংসের মতো নিষ্ঠুর শাসক এ দেশের জনগণের কাঁধে চেপে বসেছিল। হাজারো প্রাণের বিনিময়ে সেই ফ্যাসিস্টের পতন ঘটেছে। এখন অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে দেশ পুনর্গঠনের পালা।

তারেক রহমান বলেন, দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানা ধরনের গুজব ছড়াচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে মানুষকে উসকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পুরোহিত ও সেবায়েতদের মধ্যে সম্মানি বিতরণ করেন প্রধানমন্ত্রী। এ সময় নয়জন পুরোহিত ও সেবায়েতের হাতে ভাতার অর্থ তুলে দেন তিনি। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে আরও ৬৪ জন পুরোহিত ও সেবায়েতকে ভাতা দেওয়া হয়।

এর আগে জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তর থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী।