রাজশাহীতে ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় পরিবেশবান্ধব ভবন নির্মাণের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনে এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

প্রকল্পের আওতায় রাজশাহী মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডে শহীদ জিয়া শিশু পার্কের পাশে দুইতলা ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণের পরিকল্পনা রয়েছে। ভবনটির ভিত্তি পাঁচতলা পর্যন্ত নির্মাণের উপযোগী করে করার কথা রয়েছে।

নগরীর টেকসই উন্নয়ন, পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলা এবং নাগরিকদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন দায়িত্ব নেওয়ার পর থেকেই নগরীর অবকাঠামো উন্নয়ন, সবুজায়ন, পরিচ্ছন্নতা ও নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রমের ওপর গুরুত্ব দিয়ে আসছেন।

সংশ্লিষ্টরা জানান, পরিবেশবান্ধব ভবন নির্মাণের মাধ্যমে নগর উন্নয়নে টেকসই ও আধুনিক ধারণার বাস্তবায়ন আরও গতিশীল হবে।