১৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে সিএসআর তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ, দুদকের মামলার অনুমোদন

টুইট ডেস্ক: বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে বিভিন্ন ব্যাংক থেকে করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের ১৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে মামলার অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, ২০২৪ সালে সরকার পরিবর্তনের পর বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা বিপুল অর্থ এবং এসব অর্থের লেনদেনে অনিয়মের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানের অংশ হিসেবে আদালতের মাধ্যমে ট্রাস্টের বিভিন্ন ব্যাংক হিসাবের লেনদেনও অবরুদ্ধ করা হয়।

দুদকের অনুসন্ধানে ট্রাস্টের নামে বিভিন্ন ব্যাংক থেকে সিএসআর তহবিল সংগ্রহ এবং সেই অর্থের ব্যবহারে অনিয়মের অভিযোগ উঠে আসে। এসব অভিযোগের ভিত্তিতেই শেখ হাসিনা, শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে মামলার অপর আসামির নাম এবং অভিযোগের বিস্তারিত বিষয়ে দুদকের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

মামলা দায়েরের পর অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক তদন্তের মাধ্যমে অর্থের উৎস, লেনদেন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা যাচাই করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।