মোদি-পেজেশকিয়ান বৈঠকের পর যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

ইরানকে নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করলে সংশ্লিষ্ট দেশের বিরুদ্ধেও নিষেধাজ্ঞার হুঁশিয়ারি রুবিওর।
বিশ্ব ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বৈঠকের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কড়া সতর্কবার্তা দিয়েছেন। ভারত ও ইরানের মধ্যে কোনো বাণিজ্য চুক্তি হচ্ছে বলে তিনি মনে করেন না জানিয়ে রুবিও সতর্ক করেছেন, কোনো দেশ যেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে ইরানকে সহায়তা না করে। তা হলে সংশ্লিষ্ট দেশের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) ফক্স নিউজ রেডিওর ‘দ্য ব্রায়ান কিলমিড শো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ‘আমি মনে করি না ভারত ও ইরানের মধ্যে কোনো বাণিজ্য চুক্তি হচ্ছে। প্রতিটি দেশ নিজস্ব পররাষ্ট্রনীতি অনুযায়ী কাজ করে এবং বিশ্বের অনেক দেশই ইরানি সরকারের সঙ্গে কথা বলে।’
তিনি বলেন, যুক্তরাষ্ট্রও প্রয়োজনে ইরানি পক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান স্পষ্ট—কোনো দেশই ইরানকে নিষেধাজ্ঞা এড়িয়ে চলার সুযোগ তৈরি করে দিতে পারে না।
রুবিও আরও বলেন, কোনো দেশেরই উচিত নয় ইরানকে এমন ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করা, যার মাধ্যমে দেশটি অর্থ উপার্জন করতে পারে এবং সেই অর্থ সন্ত্রাসবাদে অর্থায়ন কিংবা পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহার করতে পারে। কোনো দেশ এমন সহায়তা করলে তাদের বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে বলে সতর্ক করেন তিনি।
সাক্ষাৎকারে রুবিও জোর দিয়ে বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই ওয়াশিংটনের মূল লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে অর্থনৈতিক চাপ প্রয়োগের পাশাপাশি প্রয়োজন হলে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকারও যুক্তরাষ্ট্র সংরক্ষণ করে।
মোদি-পেজেশকিয়ান বৈঠকটি কির্গিজস্তানের বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত চলাকালে এটিই দুই নেতার প্রথম সরাসরি সাক্ষাৎ।
সূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস






