৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে

৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগের উদ্যোগ
টুইট ডেস্ক: বাংলাদেশ পুলিশে নতুন করে ৪ হাজার উপপরিদর্শক, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের জনবল সংকট মোকাবিলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষমতা বাড়াতে এসব পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের জনবল বাড়াতে নতুন ৪ হাজার উপপরিদর্শক, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পদ সৃষ্টি হলে দেশের বিভিন্ন এলাকার পাশাপাশি রংপুর জেলাতেও পুলিশের জনবল বাড়বে।
তিনি আরও জানান, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে পুলিশের যানবাহন ও জলযানের ঘাটতি পূরণ করা হবে। রাজস্ব বাজেটের আওতায় প্রয়োজনীয় যানবাহন ও জলযান কেনার মাধ্যমে এ ঘাটতি পূরণের পরিকল্পনা রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১০ মার্চ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় পুলিশের সাংগঠনিক কাঠামোর বিভিন্ন ইউনিটে ৪ হাজার উপপরিদর্শক নিয়োগের প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
দায়িত্ব গ্রহণের পর স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের বিভিন্ন পর্যায়ে জনবল সংকটের বিষয়টি তুলে ধরে দ্রুত নতুন নিয়োগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছিলেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বাড়াতে দ্রুত ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছিলেন তিনি।






