লিবিয়ার ঐক্য ও স্থিতিশীলতায় কাতারের সমর্থন পুনর্ব্যক্ত

ত্রিপোলিতে প্রেসিডেনশিয়াল কাউন্সিল প্রধানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক; রাজনৈতিক সংলাপ ও জাতীয় পুনর্মিলনের ওপর গুরুত্ব।

নিজস্ব প্রতিবেদক: লিবিয়ার ঐক্য, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার প্রতি কাতারের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুলআজিজ বিন সালেহ আল-খুলাইফি।

বুধবার (২৬ আগস্ট) লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দেশটির প্রেসিডেনশিয়াল কাউন্সিলের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ আল-মানফির সঙ্গে বৈঠকে তিনি এ অবস্থান তুলে ধরেন।

বৈঠকে কাতার ও লিবিয়ার মধ্যকার সহযোগিতামূলক সম্পর্ক এবং তা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক সর্বশেষ পরিস্থিতি এবং উভয় দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন তারা।

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তাঁর দেশ লিবিয়ার রাজনৈতিক প্রক্রিয়া ও শান্তিপূর্ণ সমাধানের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। এমন সমাধান হতে হবে, যা লিবীয় জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবং দেশটির সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখবে।

তিনি রাজনৈতিক সংলাপ অব্যাহত রাখা, মধ্যস্থতা এবং জাতীয় পুনর্মিলনের প্রচেষ্টাকে সমর্থনের ওপর গুরুত্বারোপ করেন। এসব উদ্যোগ লিবীয়দের মধ্যে ঐকমত্য গড়ে তুলতে এবং স্থিতিশীলতার উপযোগী পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

কাতার বিভিন্ন লিবীয় পক্ষ ও নেতৃত্বের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছে জানিয়ে আল-খুলাইফি বলেন, একটি ব্যাপক ও টেকসই রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে জাতিসংঘের চলমান প্রচেষ্টার প্রতি দোহা সমর্থন অব্যাহত রাখবে।

বৈঠকে লিবিয়ার প্রেসিডেনশিয়াল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল-লাফিও উপস্থিত ছিলেন।