রাজশাহীতে শিশুদের সৃজনশীলতায় ফুটে উঠল মহানবীর আদর্শ

দুই শতাধিক শিশুর অংশগ্রহণে রচনা ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজশাহী জেলা শিশু একাডেমি ও জেলা প্রশাসনের উদ্যোগে ‘ছোটদের মহানবী’ শীর্ষক রচনা এবং হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিশু শিক্ষার্থী অংশ নেয়।
বুধবার (২৬ আগস্ট) জেলা শিশু একাডেমির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার প্রীতম চক্রবর্তী। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুরুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোকাদ্দাসুল ইসলাম ও সাংবাদিক সুজাউদ্দিন ছোটনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা রচনা, হামদ ও নাত পরিবেশন করে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার প্রীতম চক্রবর্তী বলেন, ধর্মীয় মূল্যবোধ ধারণ ও চর্চার মাধ্যমে আগামী প্রজন্মকে নৈতিকভাবে শক্তিশালী করে গড়ে তোলা সম্ভব।
আর নৈতিকভাবে শক্তিশালী হলেই একজন মানুষ প্রকৃত অর্থে ‘মানুষের মতো মানুষ’ হয়ে উঠতে পারে।
তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও গুণাবলি থেকে শিক্ষা নিয়ে শিশুদের নিজেদের জীবন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।







