বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী উদযাপন

লাখো নবীপ্রেমিকের উপস্থিতিতে মুখরিত শহর
বান্দরবান প্রতিনিধি : বর্ণাঢ্য র্যালি, নাতে রাসুল (সা.) পরিবেশন ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে গাউছিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে শহরের বিভিন্ন এলাকা থেকে আসা বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড় মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এ সময় ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় শহরের প্রধান সড়কগুলো মুখরিত হয়ে ওঠে।
র্যালি শেষে ট্রাফিক মোড় মুক্তমঞ্চে নাতে রাসুল (সা.) পরিবেশন ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ ও মানবিক জননেতা মো. মহিউদ্দিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবতার জন্য সর্বোত্তম আদর্শ রেখে গেছেন। তাঁর শিক্ষা ও আদর্শ অনুসরণ করলেই সমাজ থেকে হিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর করে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব।
গাউছিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি ছিল। দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়।





