পবিত্র ঈদে মিলাদুন্নবীতে রাজশাহীবাসীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা

মহানবীর আদর্শ অনুসরণে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজশাহী মহানগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।
বাণীতে রাসিক প্রশাসক বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর এই দিনে বিশ্বজগতের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হজরত মুহাম্মদ (সা.) আবির্ভূত হন। তিনি ছিলেন বিশ্বমানবতার মুক্তির দূত। তাঁর পবিত্র জীবন ও আদর্শে রয়েছে শান্তি, সাম্য, ন্যায়, মানবিকতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনন্য শিক্ষা।
মহানবী (সা.)-এর দেখানো পথ অনুসরণ করে সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, বৈষম্য ও অসহিষ্ণুতা দূর করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অনুরোধ জানান।
মাহফুজুর রহমান রিটন বলেন, মহানবী (সা.)-এর আদর্শ শুধু ধর্মীয় জীবনের পথনির্দেশ নয়, বরং ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে শান্তি, ন্যায় ও মানবিকতা প্রতিষ্ঠারও অনন্য দৃষ্টান্ত। তাঁর শিক্ষা অনুসরণ করলে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে।
বাণীতে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর উসিলায় সবার জীবন শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে পরিপূর্ণ হোক। রাজশাহী মহানগরবাসীর মধ্যে পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি আরও সুদৃঢ় হোক এবং মহান আল্লাহ সবাইকে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন।






