প্রাথমিকে বাড়তি ফি নয়, ইউনিফর্ম-উপকরণ বিনামূল্যে:ববি হাজ্জাজ

বাড়তি অর্থ আদায় ঠেকাতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরদারি।

রাজশাহী প্রতি‌নি‌ধি: বেসরকারি কোনো প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান যেন শিক্ষার্থীদের কাছ থেকে অন্যায়ভাবে বাড়তি অর্থ আদায় করতে না পারে, সে বিষয়ে সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, বিষয়টি নিয়মিত তদারক করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ইউনিফর্মসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক উপকরণ বিনামূল্যে সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে রাজশাহী নগরীর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) সভাকক্ষে ‘প্রাথমিক শিক্ষার রূপান্তর ও কর্মপরিকল্পনা’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এতে সরকারি ও বেসরকারি সব প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে নীতিমালার আওতায় এনে শিক্ষার মানোন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষায় শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগ দেওয়া হবে। শিক্ষক সংকট নিরসনের পাশাপাশি শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে।

দিনব্যাপী এ কর্মশালায় রাজশাহী বিভাগের প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মকর্তারা অংশ নেন। কর্মশালায় প্রাথমিক শিক্ষার বর্তমান পরিস্থিতি, বিদ্যমান সমস্যা, মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।