‘গ্রাউন্ড মাস্টার ৪০০’ রাডারে আকাশসীমা নজরদারিতে নতুন সক্ষমতা

ঢাকা ও বঙ্গোপসাগরকেন্দ্রিক ৮৩৩ কিলোমিটার পর্যন্ত উড়োজাহাজ চলাচল রিয়েল-টাইমে পর্যবেক্ষণের দাবি
টুইট ডেস্ক: অত্যাধুনিক ‘গ্রাউন্ড মাস্টার ৪০০’ রাডার ও নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম স্থাপনের মাধ্যমে বাংলাদেশের আকাশসীমা নজরদারিতে নতুন সক্ষমতা যুক্ত হয়েছে বলে জানিয়েছে বিএনপি।
গত রোববার (২৩ আগস্ট) দলটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
বিএনপির দাবি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থাপিত নতুন ‘গ্রাউন্ড মাস্টার ৪০৩এম’ রাডারের মাধ্যমে ঢাকা-কেন্দ্রিক প্রায় ৬৫০ কিলোমিটার এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক আকাশসীমায় সর্বোচ্চ ৮৩৩ কিলোমিটার পর্যন্ত উড়োজাহাজের চলাচল রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
দলটির পোস্টে বলা হয়েছে, নতুন রাডার ও এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালুর ফলে দেশের আকাশসীমা পর্যবেক্ষণ ব্যবস্থা আরও আধুনিক ও কার্যকর হবে। পাশাপাশি উড়োজাহাজ চলাচল ব্যবস্থাপনা, আকাশ নিরাপত্তা এবং সার্বিক আকাশসীমা নিয়ন্ত্রণে বাংলাদেশের সক্ষমতা বাড়বে।
নতুন প্রযুক্তির মাধ্যমে আকাশপথে চলাচলকারী উড়োজাহাজের অবস্থান তাৎক্ষণিকভাবে শনাক্ত করা এবং নিরবচ্ছিন্ন নজরদারির আওতায় আনা সম্ভব হবে বলেও দাবি করা হয়েছে।
আকাশসীমায় নিরাপদ ও সুশৃঙ্খল উড়োজাহাজ চলাচল নিশ্চিত করতে আধুনিক রাডার প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন এই ব্যবস্থা বাংলাদেশের এয়ার ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তিগত সক্ষমতা আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে।






