মির্জা ফখরুলের পক্ষে সংসদ সদস্যদের ভোট চাইলেন তারেক রহমান

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন, আজ ভোট
টুইট ডেস্ক: রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে সংসদ সদস্যদের কাছে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে জাতীয় সংসদ ভবনের নবম তলায় বিএনপির সংসদীয় দলের সভায় তিনি দলের সংসদ সদস্যদের কাছে মির্জা ফখরুলের জন্য ভোট চান। সভায় সভাপতিত্ব করেন তারেক রহমান। এতে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।
দীর্ঘ ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ১৯৯১ সালে একাধিক প্রার্থীর মধ্যে সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দিতে পারবেন সংসদ সদস্যরা।
এবার মোট ৩৪৯ জন সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। ভোটগ্রহণ শেষে বিকেল ৫টার পরপরই ভোট গণনা শুরু হবে। সর্বাধিক বৈধ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে। একই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।






