রাবি অধ্যাপক প্রভাস কুমার কর্মকার চাকরিচ্যুত

দুই তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা শেষে সিন্ডিকেটের ৫৪৮তম সভায় সিদ্ধান্ত; নারী হয়রানির পাশাপাশি প্রশ্ন ফাঁসের অভিযোগও ছিল
স্টাফ রিপোর্টার, রাজশাহী: যৌন হয়রানি ও একাডেমিক দুর্নীতির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. প্রভাস কুমার কর্মকারকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৫৪৮তম সভায় তাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট অধ্যাপক প্রভাস কুমার কর্মকারের বিরুদ্ধে নিজ বিভাগের এক ছাত্রীকে চেম্বারে ডেকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত এবং কুরুচিপূর্ণ প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ১৩ আগস্ট ওই শিক্ষার্থীর মা বিভাগের সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন।
পরে অভিযোগের ভিত্তিতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে তদন্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিষয়টি অধিকতর তদন্তের জন্য আরও তদন্ত কার্যক্রম পরিচালিত হয়। এ ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত বছরের ৯ সেপ্টেম্বর অধ্যাপক প্রভাস কুমার কর্মকারকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ জানান, অধ্যাপক প্রভাস কুমারের বিরুদ্ধে নারী হয়রানির পাশাপাশি প্রশ্ন ফাঁসের অভিযোগও ছিল। অভিযোগগুলো তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। যৌন নিপীড়ন সেলের মাধ্যমেও দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অভিযুক্ত শিক্ষককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল। তদন্ত ও পরবর্তী প্রক্রিয়া শেষে ১৩ আগস্টের সিন্ডিকেট সভায় তাকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, অধ্যাপক প্রভাস কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটির তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে সিন্ডিকেট সভায় তার বিরুদ্ধে স্থায়ীভাবে চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।






