জুলাই হত্যা মামলার আসামিকে প্রধান প্রকৌশলী করার প্রস্তাব

আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে অভিযুক্ত ছাইদুর রহমানের পদোন্নতি প্রস্তাবে ক্ষোভ অভিযোগ অস্বীকার সংশ্লিষ্ট কর্মকর্তার
টুইট ডেস্ক: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী পদে অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছাইদুর রহমানকে পদোন্নতির প্রস্তাব ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় আসামি থাকার অভিযোগ এবং আওয়ামী লীগ ঘনিষ্ঠ সংগঠন বঙ্গবন্ধু পরিষদের নেতৃত্বে থাকার বিষয়টি সামনে আসায় বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
জানা গেছে গত রোববার প্রধান প্রকৌশলী পদে পদোন্নতির প্রস্তাব সংক্রান্ত ফাইল বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে তিনি প্রধান প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ করবেন।
সংশ্লিষ্ট সূত্রের দাবি আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাহী প্রকৌশলী থেকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পর্যন্ত একাধিক পদোন্নতি পাওয়া ছাইদুর রহমানের বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা একটি মামলায় নাম রয়েছে। ওই মামলার প্রধান আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এছাড়া ২০০৯ সাল থেকে দীর্ঘ সময় ধরে ড্রেজিং বিভাগে দায়িত্ব পালন করা এই কর্মকর্তাকে পদোন্নতি দিতে বিভিন্ন মহল থেকে তদবির চলছে বলেও অভিযোগ রয়েছে। তিনি আওয়ামী লীগ আমলে একাধিক বড় প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সূত্র জানায় সম্প্রতি নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বঙ্গবন্ধু পরিষদের দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিলেও তা কার্যকর হয়নি। এতে বিএনপিপন্থি কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া বলেন ছাইদুর রহমান জুলাই হত্যা মামলার আসামি এ তথ্য তার জানা ছিল না। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ রয়েছে ছাইদুর রহমান বিআইডব্লিউটিএ শাখা বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
ছাইদুর রহমান বলেন সামনে পদোন্নতি থাকায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি দাবি করেন বঙ্গবন্ধু পরিষদের কমিটিতে তাকে জোর করে রাখা হয়েছিল এবং তিনি কখনো সংগঠনের কোনো কর্মসূচিতে অংশ নেননি। একই সঙ্গে জুলাই হত্যা মামলায় আসামি হওয়ার অভিযোগও তিনি মিথ্যা বলে দাবি করেন।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায় ২০১০ সাল থেকে টানা প্রায় ১৬ বছর ড্রেজিং বিভাগে দায়িত্ব পালন করেন ছাইদুর রহমান। এই সময়ে তিনি মাদারীপুর চরমুগুরিয়া টেকেরহাট ও গোপালগঞ্জ নৌপথ খনন প্রকল্পসহ একাধিক বড় ড্রেজিং প্রকল্পের পরিচালক ছিলেন। বর্তমানে তিনি পুরাতন ব্রহ্মপুত্র ধরলা তুলাই ও পুনর্ভবা নদীর নাব্য উন্নয়ন ও পুনরুদ্ধার প্রকল্পেরও দায়িত্বে রয়েছেন।






