২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বাতিল

জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদের পরামর্শ ছাড়া প্রণয়ন করায় মন্ত্রিসভার সিদ্ধান্ত

টুইট ডেস্ক: জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদের পরামর্শ ছাড়াই প্রণয়ন করায় ২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গত সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়নের আগে জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। কিন্তু ২০২৬ সালের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি প্রণয়নের ক্ষেত্রে এ বিধান অনুসরণ করা হয়নি। এ কারণে তা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে উচ্চ আদালতেও একটি রিট আবেদন করা হয়েছে এবং বিষয়টি বর্তমানে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সরকার জানিয়েছে, নিরাপদ, কার্যকর, মানসম্মত ও সাশ্রয়ী মূল্যের ওষুধ জনগণের কাছে পৌঁছে দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ইতোমধ্যে গত ২৯ জুন ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে ওই পরিষদে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা।

২০২৬ সালের তালিকা বাতিল হলেও ১৯৯৪ সালের আদেশে প্রণীত অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং সেই অনুযায়ী সরকারি মূল্য নির্ধারণ ব্যবস্থা আগের মতোই বহাল থাকবে।

সরকার জানিয়েছে, নতুন করে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হালনাগাদ করা হবে। পাশাপাশি ওষুধের মূল্য এমনভাবে নির্ধারণ করা হবে, যাতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না পড়ে এবং বাজারে সুস্থ প্রতিযোগিতা বজায় থাকে।