ঘুমিয়েও ক্লান্ত লাগছে কেন? জেনে নিন তার কারণ

সারারাত ঘুমানোর পরও শরীর সতেজ না থাকার পেছনে থাকতে পারে ৪ পুষ্টির ঘাটতি
টুইট ডেস্ক: সারারাত পর্যাপ্ত ঘুমানোর পরও অনেকের সকালে ঘুম ভাঙে ক্লান্তি ও অবসাদ নিয়ে। শুধু অতিরিক্ত পরিশ্রম নয়, শরীরে কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের ঘাটতিও এর অন্যতম কারণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের অভাব দীর্ঘদিন থাকলে শরীরের শক্তি উৎপাদন কমে যায় এবং সারাক্ষণ দুর্বলতা অনুভূত হতে পারে।
ভিটামিন বি-এর ঘাটতি
শরীরে কার্বোহাইড্রেট ও চর্বি থেকে শক্তি উৎপাদনে ভিটামিন বি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ভিটামিনের ঘাটতি হলে শক্তি উৎপাদন ব্যাহত হয় এবং ক্লান্তি বাড়তে পারে। টক দই, দুধ, পনির ও বিভিন্ন ধরনের বাদাম ভিটামিন বি-এর ভালো উৎস।
প্রোটিনের অভাব
পেশি সুস্থ রাখা এবং শরীরে শক্তি জোগাতে প্রোটিন অপরিহার্য। পর্যাপ্ত প্রোটিন না পেলে দুর্বলতা, ঘন ঘন ক্ষুধা লাগা এবং মিষ্টিজাতীয় খাবারের প্রতি আকর্ষণ বাড়তে পারে। মাছ, মাংস, ডিম, ডাল, দুধ, সয়াবিন, ছোলা ও মুগডাল নিয়মিত খেলে এ ঘাটতি পূরণে সহায়তা মেলে।
ইলেক্ট্রোলাইটের ভারসাম্যহীনতা
কম পানি পান করা বা শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের ঘাটতি দেখা দিলে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য নষ্ট হয়। এর ফলে ক্লান্তি, দুর্বলতা ও অবসাদ অনুভূত হতে পারে। এ সমস্যা এড়াতে পর্যাপ্ত পানি পান করার পাশাপাশি ডাবের পানি, তরমুজ, শসা, অন্যান্য রসালো ফল এবং কলা খাদ্যতালিকায় রাখা উচিত।
ম্যাগনেশিয়ামের ঘাটতি
ম্যাগনেশিয়ামের অভাবে ঘুমের সমস্যা, পেশিতে টান ধরা এবং দীর্ঘস্থায়ী ক্লান্তি দেখা দিতে পারে। শরীরের পেশি পুনরুদ্ধারেও এই খনিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মিষ্টি কুমড়ার বীজ, কাঠবাদাম ও কাজুবাদাম ম্যাগনেশিয়ামের ভালো উৎস।
বিশেষজ্ঞদের পরামর্শ, পর্যাপ্ত ঘুমের পরও যদি দীর্ঘদিন ধরে ক্লান্তি, দুর্বলতা বা অবসাদ অনুভূত হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত। কারণ পুষ্টির ঘাটতির পাশাপাশি রক্তস্বল্পতা, থাইরয়েডের সমস্যা বা অন্যান্য শারীরিক জটিলতাও এর কারণ হতে পারে।






