থানার সামনে গিয়ে আত্মহত্যার হুমকি বিএনপি নেতার

সম্পাদিত ছবি ছড়িয়ে মানহানির অভিযোগ; ন্যায়বিচারের আশ্বাস পুলিশ সুপারের
টুইট ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিরুদ্ধে সম্পাদিত ছবি ছড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে অভিযুক্তদের ১২ ঘণ্টার মধ্যে শনাক্তের দাবি জানিয়েছেন গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির সদস্যসচিব মো. বিল্লাল হোসেন ব্যাপারী। নির্ধারিত সময়ের মধ্যে পুলিশ দৃশ্যমান অগ্রগতি দেখাতে না পারলে থানার সামনে আত্মহত্যা করবেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার (২ আগস্ট) বিকেলে শ্রীপুর থানা-পুলিশের আয়োজনে মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভায় গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দীনের উপস্থিতিতে তিনি এ ঘোষণা দেন।
বিল্লাল হোসেন ব্যাপারী অভিযোগ করেন, কয়েকটি ভুয়া ফেসবুক আইডি তার একটি ছবির সঙ্গে টেবিলে রাখা মদের বোতল ও আরও দুই ব্যক্তির ছবি যুক্ত করে সম্পাদিত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এতে তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি জানান, বিষয়টি জানার পর শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে এখন পর্যন্ত তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেন।
পুলিশ সুপারের উদ্দেশে বিল্লাল হোসেন বলেন, আগামী ১২ ঘণ্টার মধ্যে অপপ্রচারকারীদের শনাক্ত করা না গেলে তিনি থানার সামনে আত্মহত্যা করবেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, একজন রাজনৈতিক নেতার অভিযোগেরই যদি প্রতিকার না হয়, তাহলে সাধারণ মানুষ কীভাবে পুলিশের সেবা পাবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দীন। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পুলিশ সুপার শরিফ উদ্দীন বলেন, বিল্লাল হোসেনের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে এবং আইন অনুযায়ী তিনি ন্যায়বিচার পাবেন। আইনশৃঙ্খলা বাহিনী প্রতিটি নাগরিকের পাশে রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।






