রাজশাহীতে মাদকসহ তিন কারবারি গ্রেপ্তার

ট্যাপেন্টাডল, ইয়াবা, গাঁজা, হেরোইন ও চোলাই মদ উদ্ধার।
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিমের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক বিক্রির নগদ অর্থসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
আরএমপি সূত্র জানায়, গত ২ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাহ মাঠের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে দাশপুকুর বৌ-বাজার এলাকার বাসিন্দা মো. বাপ্পি ওরফে হিটু (৩৫)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬৫ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৪৩০ টাকা উদ্ধার করা হয়।
পরে ৩ আগস্ট রাত পৌনে ১টার দিকে রাজপাড়া থানার আইডি বাগানপাড়ার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে মো. মোস্তাক আহম্মেদ (৪৬)-কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০৫ গ্রাম গাঁজা, ১৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং মাদক বিক্রির ৮০০ টাকা জব্দ করা হয়।
একই দিন ভোর ৪টার দিকে আইডি বাগানপাড়ায় আরেকটি অভিযানে রাব্বুল শেখ (৬৫)-কে গ্রেপ্তার করে বিশেষ মাদকবিরোধী টিম। এ সময় তার হেফাজত থেকে ৯১টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৯টি ইয়াবা ট্যাবলেট, ১৩৫ গ্রাম গাঁজা, ০.০৪ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির ৩১ হাজার ৬৩০ টাকা উদ্ধার করা হয়।
আরএমপি জানিয়েছে, গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।






