অনিয়মের অভিযোগে কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শনে মিলল অভিযোগের সত্যতা, বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান

টুইট ডেস্ক: অনিয়ম, দুর্নীতি ও সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগে গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদারসহ সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকালে গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল কবির ভূঁইয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা ভূমি কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কাশিমপুর ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন করেন। এ সময় সেবাপ্রার্থীদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ শোনার পাশাপাশি অফিসের কার্যক্রম পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পাওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়।

জেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে নামজারি, খারিজ, ভূমি উন্নয়ন কর আদায়, জমির রেকর্ড সংশোধনসহ বিভিন্ন সেবায় ঘুষ দাবি, দায়িত্বে অবহেলা, অনিয়ম এবং সাধারণ মানুষের হয়রানির অভিযোগ পাওয়া যাচ্ছিল। তদন্ত ও যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহি এবং দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সেবাপ্রার্থীদের ভোগান্তি এড়াতে কাশিমপুর ভূমি অফিসে বিকল্প কর্মকর্তা-কর্মচারী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গাজীপুর জেলার সব ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে’-এমন তথ্য ছড়িয়ে পড়লেও জেলা প্রশাসন তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে।

জেলা প্রশাসনের ভাষ্য অনুযায়ী, বরখাস্তের সিদ্ধান্ত শুধুমাত্র কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য। জেলার অন্যান্য ভূমি অফিসে স্বাভাবিকভাবে কার্যক্রম চলছে।

স্থানীয় সেবাপ্রার্থীরা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে ভূমি সেবায় স্থায়ীভাবে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। জেলা প্রশাসন জানিয়েছে, তদন্ত অব্যাহত রয়েছে এবং আরও অনিয়মের তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।