রামেডি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

দুর্নীতি, অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে তদন্তসহ অপসারণের দাবি
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেডি) উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হকের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্র-জনতার একটি অংশ। কর্মসূচি থেকে তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। তবে এসব অভিযোগের বিষয়ে উপাচার্যের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সোমবার (৩ আগস্ট) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, টেন্ডার কার্যক্রম, অবকাঠামো নির্মাণ, গাছ কর্তন, সম্পদ ব্যবস্থাপনা এবং আর্থিক লেনদেনে ব্যাপক অনিয়ম হয়েছে। এছাড়া সরকারি বিধি ও বিশ্ববিদ্যালয়ের নীতিমালা উপেক্ষা করে পছন্দের ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ এবং চুক্তিভিত্তিক নিয়োগে স্বচ্ছতা বজায় রাখা হয়নি বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা আরও দাবি করেন, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার, টেন্ডার মূল্যায়নে অনিয়ম এবং উন্নয়ন প্রকল্পে আর্থিক অসঙ্গতির বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে উপাচার্য ও তাঁর পরিবারের নামে অর্জিত সম্পদের উৎস অনুসন্ধানেরও দাবি জানান তারা।
কর্মসূচি থেকে উপাচার্যের পদত্যাগ, তাঁর আমলে দেওয়া কথিত অবৈধ নিয়োগ বাতিল এবং অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বক্তারা বলেন, দাবি বাস্তবায়ন না হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, পশ্চিম বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, রাজশাহী মহানগর কৃষকদলের আহ্বায়ক শরফুজ্জামান সামিম, মহানগর তাঁতী দলের সভাপতি মো. কাজলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।






