বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

সংঘাত নয়, সহনশীলতার রাজনীতির আহ্বান; জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা পুনর্ব্যক্ত
টুইট ডেস্ক: বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বিরোধীদলের নেতারা যে ভাষায় কথা বলছেন, তা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
সোমবার (৩ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ১৯৯১ সালে আওয়ামী লীগ বলেছিল, সরকারকে এক মুহূর্তও শান্তিতে থাকতে দেবে না। বর্তমান বিরোধীদলের নেতারাও এখন ‘পাঁচ বছর ক্ষমতায় থাকতে দেব না’—এ ধরনের বক্তব্য দিচ্ছেন, যা অতীতের একই রাজনৈতিক ভাষার পুনরাবৃত্তি।
তিনি বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন চায় না—এমন প্রচার বিভ্রান্তিকর। দলটি যেসব বিষয়ে একমত নয়, তা স্পষ্টভাবে জানিয়েছে। তবে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অংশ বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
গণভোট প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, ঐকমত্য কমিশন একটি প্রশ্ন চাপিয়ে দিয়েছে, যা জাতির সঙ্গে প্রতারণার শামিল। এ বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট বলেও উল্লেখ করেন তিনি।
রাজপথের রাজনীতি প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আন্দোলন করা বিরোধীদলের গণতান্ত্রিক অধিকার। তবে সেই আন্দোলন যেন কোনোভাবেই সংঘাত বা অস্থিতিশীলতার দিকে না যায়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল থাকতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এ সময় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করার পরিবর্তে নেতিবাচক প্রচারণা দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারে বলে মন্তব্য করেন তিনি।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। পাশাপাশি বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।






