দেশব্যাপী শুরু হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনার প্রতিযোগিতা, আবেদন শুরু ৫ আগস্ট

টুইট ডেস্ক: দেশের ইন্টেরিয়র ডিজাইন খাতে পেশাগত উৎকর্ষ, সৃজনশীলতা ও মানসম্মত কাজকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ‘আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৬’।

রোববার (২ আগস্ট) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে আয়োজনের বিভিন্ন দিক, আবেদন প্রক্রিয়া ও মূল্যায়নের নিয়মাবলী তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৫ আগস্ট থেকে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রতিযোগিতার অফিশিয়াল ওয়েবসাইট (www.idabaward.com) এর মাধ্যমে অনলাইনে প্রকল্প জমা দেওয়া যাবে। বাংলাদেশের যেকোনো ইন্টেরিয়র ডিজাইনার ও স্থপতি তাঁদের সম্পন্ন করা কাজ নিয়ম মেনে জমা দিতে পারবেন। সাইটে প্রতিযোগিতার নির্দেশিকা, যোগ্যতার শর্ত, দেশি-বিদেশি জুরি বোর্ডের পরিচিতি ও মূল্যায়নের ধাপসহ বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

আয়োজকরা জানান, রাজনৈতিক পরিস্থিতির কারণে ২০২৪ সালের জন্য নির্ধারিত প্রথম আসরটি অনুষ্ঠিত হয়েছিল ২০২৫ সালে। সেবার আবাসিক, কর্পোরেট, রিটেইল ও হসপিটালিটি— এই চার বিভাগে মোট ১১৭টি প্রকল্প জমা পড়েছিল। প্রথম আসরের ব্যাপক সাড়াকে পাথেয় করে এবার আরও বৃহত্তর পরিসর প্রতিযোগিতাটির আয়োজন করা হচ্ছে। পাশাপাশি আগের অভিজ্ঞতা থেকে বিচার প্রক্রিয়া ও সামগ্রিক আয়োজনকে আন্তর্জাতিক মানসম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আইডেব-এর সভাপতি সৈয়দ কামরুল আহসান বলেন, “গত তিন দশকে বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্প উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এখন এই শিল্পকে আরও সুসংগঠিত, নীতিনিষ্ঠ ও জবাবদিহিমূলক পর্যায়ে নিয়ে যাওয়া প্রয়োজন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের মেধাবী ডিজাইনাররা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাবেন এবং ক্লায়েন্টদের কাছে মানসম্মত ডিজাইনের গুরুত্ব ফুটে উঠবে।”

অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান ও আইডেব-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম ধরন প্রতিযোগিতার সময়সূচি ও ক্যাটাগরিগুলো বিস্তারিত তুলে ধরেন। এছাড়া সংগঠনের ভাইস প্রেসিডেন্ট স্থপতি সজীব জাহান সব ইন্টেরিয়র ডিজাইনার ও স্থপতিদের তাঁদের সেরা কাজটি নিয়ে অংশ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুইস গ্লোবাল-এর ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন। তিনি বলেন, “দেশে ইন্টেরিয়র ডিজাইন শিল্পের পরিধি ও সম্ভাবনা প্রতিনিয়ত বাড়ছে। এ ধরনের উদ্যোগ ডিজাইন শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখবে।”

সংবাদ সম্মেলনে আইডেব-এর উপদেষ্টা শফিউল ইসলাম, নির্বাহী কমিটির সদস্যবর্গ এবং সংশ্লিষ্ট বিভিন্ন নির্মাণ ও ইন্টেরিয়র পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৬’-এর সার্বিক আয়োজন করছে ‘ইন্টেরিয়র ডিজাইনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি)’ এবং আয়োজনের পরামর্শক হিসেবে কাজ করছে ‘ডিজাইন ডক্টরস স্টুডিও’।