রাজশাহীতে উত্তরা প্রতিদিনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহীতে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক: দৈনিক উত্তরা প্রতিদিন-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিনিধি সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার অতিথি, সংবাদকর্মী ও প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তিনি তাঁর বক্তব্যে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, গণমাধ্যম সমাজের আয়না। উন্নয়ন, সুশাসন ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক উত্তরা প্রতিদিন-এর প্রকাশক খন্দকার আউলিয়া রাজিব ওয়াহিদ। তিনি প্রতিষ্ঠার পথচলা, পত্রিকার অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রতিনিধিদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা পত্রিকাটির দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পাশাপাশি দেশের সাংবাদিকতায় পেশাদারিত্ব, সত্যনিষ্ঠা ও নৈতিকতা আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিনিধি সম্মেলনে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রতিনিধিদের অংশগ্রহণে মতবিনিময়, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সংবাদ পরিবেশনের মানোন্নয়ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং স্মারক সম্মাননা প্রদানসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।