আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারতকে চিঠি

মৃত্যুদণ্ডের রায়ের কপিও পাঠানো হয়েছে বলে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টুইট ডেস্ক: মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।

সোমবার (২০ জুলাই) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে ভারতে অবস্থানরত অন্যান্য পলাতক ব্যক্তিদের প্রত্যর্পণের জন্যও পৃথক পৃথক চিঠি দেওয়া হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের অনুলিপিও ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে।

গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করে। রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ট্রাইব্যুনাল তাদের ‘ঊর্ধ্বতন কমান্ডের দায়’ নীতির আওতায় নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডের জন্য দায়ী বলে উল্লেখ করেন।

একই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী (অ্যাপ্রুভার) হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে ট্রাইব্যুনাল ৪৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে, যেখানে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের রাষ্ট্রের অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও অন্তর্ভুক্ত রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরের বিষয়ে সরকার প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনগত পদক্ষেপ অব্যাহত রেখেছে।