ভোটের মাঠে গাছ আর ফুটবলের বার্তা, তারাগঞ্জে আমীর আলীর ব্যতিক্রমী প্রচারণা

শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসায় ফলজ-বনজ গাছের চারা এবং ফুটবল বিতরণ; সবুজায়ন ও মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ।

নিজস্ব প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর): আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জ উপজেলার ২নং কুর্শা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আমীর আলী ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

প্রচলিত পোস্টার, ব্যানার কিংবা গণসংযোগের পাশাপাশি তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসায় ফলজ ও বনজ গাছের চারা এবং ফুটবল বিতরণ করে ভোটারদের কাছে সামাজিক বার্তা পৌঁছে দিচ্ছেন।

তার এ উদ্যোগের মূল প্রতিপাদ্য “মাদকমুক্ত সমাজ, সবুজ ইউনিয়ন ও সুস্থ প্রজন্ম গঠন।” পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণে উৎসাহ এবং তরুণদের খেলাধুলামুখী করে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখার লক্ষ্যেই এ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।

স্থানীয় সচেতন মহলের মতে, নির্বাচনী প্রচারণায় সাধারণত নানা প্রতিশ্রুতি ও প্রচারমূলক কর্মকাণ্ড বেশি দেখা গেলেও সামাজিক দায়বদ্ধতা ও জনসচেতনতার বার্তা নিয়ে আমীর আলীর এ উদ্যোগ ব্যতিক্রমী এবং প্রশংসার দাবিদার।
কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামের বাসিন্দা ও হোমিওপ্যাথিক চিকিৎসক রেজাউল করিম নয়ামিয়া বলেন, “আমীর আলীর এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। বর্তমান সময়ে অনেক তরুণ মাদকের দিকে ঝুঁকে পড়ছে। খেলাধুলা তাদের সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনতে পারে। একই সঙ্গে বৃক্ষরোপণ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভালো কাজের মাধ্যমেই একটি ইউনিয়নকে আদর্শ হিসেবে গড়ে তোলা সম্ভব।”

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আমীর আলী বলেন, “জলবায়ু পরিবর্তন ও পরিবেশের বিরূপ প্রভাব থেকে রক্ষা পেতে এখনই সবাইকে সচেতন হতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেককে বেশি বেশি গাছ লাগাতে হবে।”

তিনি আরও বলেন, “যুবসমাজ আমাদের ভবিষ্যৎ। তাদের মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। খেলাধুলা দেহ ও মনকে সুস্থ রাখে এবং সামাজিক অপরাধ থেকে দূরে থাকতে সহায়তা করে। সমাজ, পরিবেশ ও আগামী প্রজন্মের কল্যাণে আমার এ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয়দের অভিমত, ভোটের রাজনীতির গণ্ডি পেরিয়ে সমাজ, পরিবেশ ও তরুণ প্রজন্মের উন্নয়নের বার্তা নিয়ে পরিচালিত এ উদ্যোগ তারাগঞ্জের নির্বাচনী প্রচারণায় একটি নতুন মাত্রা যোগ করেছে। তারা মনে করেন, এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি অন্য প্রার্থীদের জন্যও ইতিবাচক উদাহরণ হয়ে উঠতে পারে।