ইরানে মার্কিন হামলা, নিহত ৭

বান্দার-ই খামির সেতুতে প্রাণহানি; বন্দর আব্বাসেও সামরিক স্থাপনায় হামলার দাবি সেন্টকমের

টুইট ডেস্ক: ইরানের হরমোজগান প্রদেশের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত সাতজন নিহত এবং নয়জন আহত হয়েছেন। হামলার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (১৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে। তবে নিহতদের পরিচয় বা হামলার বিস্তারিত পরিস্থিতি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্র এ হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেনি। ওয়াশিংটনের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্যও জানানো হয়নি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসে নতুন করে সামরিক অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম দাবি করে, অভিযানে ইরানের সামরিক কমান্ড কেন্দ্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন সক্ষমতা এবং উপকূলীয় নজরদারি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

সেন্টকমের ভাষ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়েছে। তাদের দাবি, এই হামলার উদ্দেশ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং বিশেষ করে হরমুজ প্রণালিতে বেসামরিক ও বাণিজ্যিক নৌযানের জন্য বিদ্যমান নিরাপত্তা হুমকি কমিয়ে আনা।

তবে ইরানের পক্ষ থেকে সেন্টকমের এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। একই সঙ্গে হামলায় সামরিক ক্ষয়ক্ষতির পরিমাণও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।