বিশ্বে জঙ্গলের আইন চলছে: লিবিয়ায় পাকিস্তান সেনাপ্রধান

লিবিয়া সফরে পাকিস্তান সেনাপ্রধানের মুসলিম বিশ্ব নিয়ে উদ্বেগ।  ‘জঙ্গলের আইন চলছে’—বহিরাগত হস্তক্ষেপ ও শক্তির আধিপত্যের সমালোচনা আসিম মুনিরের।

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়া সফরে গিয়ে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) লিবিয়ান সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠককালে তিনি এসব মন্তব্য করেন।

বৈঠকে দেওয়া বক্তব্যে আসিম মুনির বলেন, “মুসলিম বিশ্ব বড় ধরনের কষ্ট ও যন্ত্রণার মধ্যে রয়েছে। গত ২০ বছরে একের পর এক সাত-আটটি চমৎকার মুসলিম দেশ ধ্বংস হয়ে গেছে।”

তিনি আরও বলেন, “আজ আর আইনের শাসন নেই। এটা এখন জঙ্গলের আইন। জঙ্গলের আইনে শক্তিই অধিকার। আর এই শক্তি বর্তমানে অন্য কোথাও অবস্থান করছে।”

পাকিস্তানের সেনাপ্রধান তাঁর বক্তব্যে মুসলিম দেশগুলোর ওপর বহিরাগত হস্তক্ষেপ, যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি এবং আন্তর্জাতিক শক্তির একচ্ছত্র আধিপত্যের বিষয়টি তুলে ধরেন। তিনি ইঙ্গিত দেন, বৈশ্বিক শক্তির ভারসাম্যহীনতা মুসলিম বিশ্বের স্থিতিশীলতা ও উন্নয়নে বড় ধরনের প্রভাব ফেলছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এই সফরটি পাকিস্তান ও লিবিয়ার মধ্যে সামরিক সহযোগিতা জোরদারের অংশ। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে সমন্বয় বাড়ানো, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও আলোচনা হয়েছে।

বিশ্লেষকদের মতে, আসিম মুনিরের এই বক্তব্য মুসলিম বিশ্বের ঐক্য, সার্বভৌমত্ব এবং ন্যায়বিচারের প্রশ্নকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

সূত্র: পাকিস্তান আর্মড ফোর্সেসের আনুষ্ঠানিক তথ্য।