এআই ও সাইবার প্রতিরক্ষায় হাত মেলাল ওয়াশিংটন-টোকিও

যুক্তরাষ্ট্র–জাপানের সাইবার নিরাপত্তা সহযোগিতা জোরদার

বিশ্ব ডেস্ক: সাইবার নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করতে একাধিক ক্ষেত্রে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র ও জাপান। ওয়াশিংটনে ৩০ জুন থেকে ১ জুলাই অনুষ্ঠিত ১১তম যুক্তরাষ্ট্র–জাপান সাইবার সংলাপ শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, সাইবার নিরাপত্তা ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার এবং দুই দেশের জোটকে শক্তিশালী করতে উভয় দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বিশ্বস্ত প্রযুক্তিনির্ভর নিরাপদ ক্লাউড অবকাঠামো ব্যবহারে তথ্য বিনিময় ও আন্তঃকার্যক্ষমতা (ইন্টারঅপারেবিলিটি) বাড়াবে।

দুই দেশ অত্যাধুনিক রাষ্ট্রীয় ও অ-রাষ্ট্রীয় সাইবার হুমকি, গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর আক্রমণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে গোয়েন্দা তথ্য ও ঝুঁকি মূল্যায়ন বিনিময়ের মাধ্যমে ক্ষতিকর সাইবার কার্যক্রম মোকাবিলায় সহযোগিতা করবে।

এছাড়া আন্তর্জাতিক সাইবার নীতিমালায় সমন্বয়, নিজ নিজ জাতীয় সাইবার কৌশল বিনিময়, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সাইবার অপরাধ ও অনলাইন প্রতারণা চক্র দমনে আইনশৃঙ্খলা বাহিনী, কূটনৈতিক উদ্যোগ এবং প্রয়োজনে বেসরকারি খাতের সঙ্গে সমন্বিত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের তৃতীয় দেশগুলোর সাইবার স্থিতিশীলতা ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে প্রযুক্তিগত সহায়তায় সমন্বয় করা হবে। একই সঙ্গে দেশীয় পর্যায়ে পোস্ট-কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি (PQC) দ্রুত বাস্তবায়নে দুই দেশ একসঙ্গে কাজ করবে।

উভয় দেশ সাইবার নীতি, কার্যক্রম, প্রযুক্তিগত সহায়তা এবং বেসরকারি খাতের সঙ্গে অংশীদারিত্ব জোরদারে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রাখার এবং সংলাপে নির্ধারিত অগ্রাধিকার বাস্তবায়নে পরবর্তী পর্যায়ের বৈঠক আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।