খামেনির কফিনে ইমাম রেজার মাজারের লাল পতাকা, শেষ বিদায়ের প্রস্তুতি

কারবালার আত্মত্যাগের প্রতীক হিসেবে ব্যবহৃত পতাকা; ৯ জুলাই মাশহাদে দাফনের প্রস্তুতি
টুইট ডেস্ক: ইরানের নিহত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের প্রস্তুতি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে মাশহাদে অবস্থিত ইমাম রেজার মাজারের একটি লাল পতাকা তার কফিনের ওপর রাখা হয়েছে। শিয়া ইসলামের গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতীক হিসেবে বিবেচিত এই পতাকা দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হয়।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৯ জুলাই মাশহাদে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে আলী খামেনিকে সমাহিত করা হবে। যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তিনি নিহত হওয়ার পর দাফনের এই তারিখ নির্ধারণ করা হয়।
জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য ও ইসলামিক রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক নাদের হাশেমি বলেন, ইমাম রেজার মাজারের লাল পতাকাটি শিয়া ইসলামে ইমাম হুসাইন ইবনে আলীর আত্মত্যাগের প্রতীক। নবী হযরত মুহাম্মদ (সা.)–এর নাতি ইমাম হুসাইন সপ্তম শতকে কারবালার যুদ্ধে শহীদ হন এবং সেই ঘটনার স্মারক হিসেবেই এই প্রতীক ব্যবহৃত হয়ে আসছে।
হাশেমির মতে, ইসলামিক প্রজাতন্ত্র ইরান খামেনির মৃত্যুকে কারবালার ঐতিহাসিক ঘটনার সঙ্গে প্রতীকীভাবে যুক্ত করার উদ্দেশ্যেই এই লাল পতাকা ব্যবহার করেছে, যা শিয়া মুসলমানদের কাছে গভীর ধর্মীয় ও আবেগঘন তাৎপর্য বহন করে।






