কিয়েভে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ রুশ হামলা, নিহত ২৭

একসঙ্গে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ; হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা

টুইট ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। বৃহস্পতিবার ভোরে সংঘটিত এই হামলায় অন্তত ২৭ জন নিহত এবং ৯১ জন আহত হয়েছেন। রাজধানী ও আশপাশের এলাকায় অন্তত ১৩০টি ভবন আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ধ্বংসস্তূপে এখনও বহু মানুষ আটকা থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান কর্মকর্তা তাইমুর তিকাচেঙ্কো টেলিগ্রামে জানান, উদ্ধারকারীরা দিনিপ্রো নদীর তীরবর্তী একটি আবাসিক এলাকার বিধ্বস্ত অ্যাপার্টমেন্ট থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছেন। একই সঙ্গে ওই ভবনের আট বাসিন্দা এখনও নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাতভর রাজধানীর বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস ও জরুরি সেবা বিভাগের সদস্যরা। ধসে পড়া ভবনগুলোর নিচে আটকে পড়াদের উদ্ধারে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।

ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত জানান, হামলায় রাশিয়া কিয়েভ ও আশপাশের এলাকাকে লক্ষ্য করে মোট ৭৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৪৯৬টি সামরিক ড্রোন নিক্ষেপ করেছে। তিনি বলেন, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলো স্বাভাবিকের তুলনায় বেশি উচ্চতায় উড়ে আসায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারেনি।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত কিয়েভে রুশ বাহিনীর চালানো হামলাগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড় ও ভয়াবহ বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।