ধ্বংসস্তূপে ছয় দিন, তবু বেঁচে ফিরল ৩ বছরের শিশু

ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় অলৌকিক উদ্ধার, নতুন আশার আলো
টুইট ডেস্ক: ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে তিন বছরের এক শিশুকে। ক্লেইবার মোরান নামের শিশুটির এই অবিশ্বাস্য উদ্ধার দেশজুড়ে আশার প্রতীক হয়ে উঠেছে।
উদ্ধারকারী দল জানায়, লা গুয়াইরা অঙ্গরাজ্যের ধ্বংসস্তূপে অনুসন্ধান চালানোর সময় শিশুটির অবস্থান শনাক্ত করা হয়। পরে দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে শিশুটিকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনছেন।
ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, দুর্যোগের ভয়াবহতার মধ্যেও এই উদ্ধার অভিযানের সফলতা মানুষের মধ্যে নতুন আশা তৈরি করেছে।
উদ্ধারের পর শিশুটিকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে হাসপাতালে ভর্তি করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে রাজধানী কারাকাসে তার চিকিৎসা চলছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের পর প্রথম ৭২ ঘণ্টাকে জীবিত উদ্ধারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে ধরা হয়। সে বিবেচনায় ছয় দিন পর কোনো শিশুকে জীবিত উদ্ধার হওয়া অত্যন্ত বিরল ঘটনা।
এদিকে, গত সপ্তাহে আঘাত হানা শক্তিশালী দুই ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাণহানি বেড়ে ১ হাজার ৯৪৩ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ এবং এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
প্রাথমিক মূল্যায়নে ধারণা করা হচ্ছে, কয়েক দশক হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। দুর্যোগকবলিত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও আশ্রয় সংকটও তীব্র আকার ধারণ করেছে।
আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো সতর্ক করে বলেছে, দ্রুত ত্রাণ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা না গেলে মানবিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
এদিকে সময়ের সঙ্গে জীবিত উদ্ধারের সম্ভাবনা কমে এলেও ক্লেইবার মোরানের উদ্ধার ভেঙে পড়া মানুষের মধ্যে নতুন করে বেঁচে থাকার সাহস জাগিয়েছে।






