রাজশাহী আইনজীবী ফোরাম থেকে তিন আইনজীবী বহিষ্কার

বার সমিতির নির্বাচনে সংগঠনের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিশেষ সাধারণ সভায় সর্বসম্মত সিদ্ধান্ত।
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহী জেলা শাখার সিদ্ধান্ত অমান্য করে রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির নির্বাচন-২০২৬ এ বিদ্রোহী প্রার্থী হওয়ায় তিন আইনজীবীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (২৮ জুন) ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল মালেক রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সিদ্ধান্ত উপেক্ষা করে রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ফোরামের সদস্য অ্যাডভোকেট এনামুল হক, অ্যাডভোকেট আতিকুর রহমান ইতি এবং অ্যাডভোকেট মাহমুদুর রহমান রুমনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও বলা হয়, রবিবার (২৮ জুন) অনুষ্ঠিত ফোরামের বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বহিষ্কারাদেশ কার্যকর হওয়ার পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহী জেলা শাখার কোনো কার্যক্রমের সঙ্গে বহিষ্কৃত তিন আইনজীবীর কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না।







