বালুর বদলে মাটি, বান্দরবানে কোটি টাকার সড়ক অচল

এলজিইডির কাজে অনিয়মের অভিযোগ, শত কোটি টাকার প্রকল্প নিয়েও প্রশ্ন।
বান্দরবান প্রতিনিধি: কোটি টাকা ব্যয়ে নির্মিত গ্রামীণ সড়ক টিকছে না এক বছরও। এলজিইডির অর্থায়নে বাস্তবায়িত উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, নির্ধারিত মানের উপকরণ ব্যবহার না করে বালুর পরিবর্তে পাহাড়ি মাটি, আমদানিকৃত পাথরের বদলে ঝিরি-ঝর্ণার পাথর এবং রিটার্নিং ওয়ালে নিম্নমানের ইট, বালু ও সিমেন্ট ব্যবহার করা হচ্ছে।
বান্দরবান থানচি উপজেলায় হাসপাতাল থেকে বলিপাড়া পর্যন্ত প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কে বালুর পরিবর্তে পাহাড়ি মাটি ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। একই চিত্র দেখা গেছে রুমা উপজেলার পাইন্দু হেডম্যান পাড়া সড়কেও, যেখানে রিটার্নিং ওয়ালে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে।
এছাড়া লামা ও আলীকদম উপজেলায় এলজিইডির বিভিন্ন উন্নয়ন কাজেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, বারবার অভিযোগ জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এক বাসিন্দা বলেন, “এক বছর করার কথা থাকলেও এক মাসের মধ্যেই সড়ক ধসে পড়ে। একদিকে সংস্কার করলে অন্যদিকে ভেঙে যায়।”
এলজিইডির প্রকৌশলী মো. আবু হানিফ জানান, অনিয়মের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদারের কাজ বন্ধ করা হবে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। পাশাপাশি কাজের মান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, গত এক বছরে বান্দরবানে সড়ক নির্মাণ ও উন্নয়নে এলজিইডির মাধ্যমে ২০০ কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, পাহাড়ি এলাকায় মানসম্মত উপকরণ ব্যবহার ও কার্যকর মনিটরিং ছাড়া টেকসই সড়ক নির্মাণ সম্ভব নয়। অন্যথায় প্রতি বর্ষায় একই চিত্র পুনরাবৃত্তি ঘটবে।






