রাজশাহীতে ডিবির অভিযানে বিপুল মাদক উদ্ধার

৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা জব্দ। গোদাগাড়ী-বাঘায় অভিযান; প্রাইভেটকার জব্দ, পলাতক আরও ৬ জনের সন্ধান।

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ, ৬৮ পিস ইয়াবা এবং একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। এ সময় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ জুন রাতে গোদাগাড়ী ও বাঘা উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এর মধ্যে গোদাগাড়ী উপজেলার সারোইল এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিরস্ত্র) মো. আশাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মহাসড়কে তল্লাশি চালান। রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৭-১২৪৭) থামিয়ে তল্লাশি করা হলে গাড়ির পেছনের ডিকিতে থাকা তিনটি কার্টনের ভেতর থেকে ৪৫০ বোতল এসকাফ উদ্ধার করা হয়। এ সময় গাড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বহলাবাড়ী কানসাট গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে মো. মাহাবুব আলম (২৭) এবং গুয়াবাড়ী চাঁদপুর গ্রামের লাইসেন আলীর ছেলে মো. কাওসার আলী (২১)।

অন্যদিকে একই রাতে বাঘা উপজেলার দক্ষিণ গাওপাড়া এলাকায় একটি আমবাগানে অভিযান চালিয়ে এসআই (নিরস্ত্র) প্রদ্যুৎ কুমার প্রামানিক সঙ্গীয় ফোর্সসহ ৬৮ পিস ইয়াবাসহ মো. শাকিব হাসানকে গ্রেপ্তার করেন।

এ ঘটনায় আরও ছয়জন মাদক ব্যবসায়ীর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তারা হলেন সোহান, বুদু, শিমুল, পলাশ, সাগর ও রাসেল। অভিযানের সময় তারা কৌশলে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় গোদাগাড়ী ও বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।