কেন্দ্রীয় কর্মসূচিতে বাগমারায় যুবদলের শক্ত অবস্থান

অপপ্রচার ও অশালীন রাজনীতির বিরুদ্ধে বাগমারায় যুবদলের বিক্ষোভ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভবানীগঞ্জে মিছিল, ঐক্যবদ্ধ থাকার আহ্বান।

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর বাগমারা উপজেলা ও ভবানীগঞ্জ পৌরসভা যুবদলের উদ্যোগে অপপ্রচার, মিথ্যাচার এবং শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) ভবানীগঞ্জ পৌর বাজার এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল। তিনি অপপ্রচার ও অশালীন রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

প্রতিবাদ মিছিলে বাগমারা উপজেলা যুবদল ও ভবানীগঞ্জ পৌরসভা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে গণতান্ত্রিক ধারার রাজনীতি চর্চার ওপর গুরুত্বারোপ করেন।