রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নগরজুড়ে সতর্ক অবস্থান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজশাহী মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, শান্তিপূর্ণ ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে রাজশাহী মহানগর বিএনপি মহানগরব্যাপী বিভিন্ন পয়েন্টে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে এ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে অবস্থান নেন দলটির মহানগর সভাপতি মামুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, দপ্তরের দায়িত্বে মুঈদুর রহমান মঈদ, বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান মহনসহ মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও নগরীর বিভিন্ন স্থানে থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচি চলাকালে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক নির্দেশনা এবং প্রচলিত আইন-কানুনের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থেকে নগরীর সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভূমিকা রাখছেন।