রাজশাহীর চারঘাটে স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

চারঘাটে ডিবির অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার। গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে অভিযান, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার তথ্য।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৯৭ বোতল স্কাপ মাদকসহ মো. অংকন (২৮) নামে এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২২ জুন) রাত ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গৌড় শহরপুর নতুনপাড়া ফুলতলা ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার এসআই দাউদ উজ জামান আকাশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার অংকন চারঘাট উপজেলার মোক্তারপুর (গাংপাড়া) এলাকার বাসিন্দা। আটক করার পর তার সঙ্গে থাকা একটি খাকি রঙের প্লাস্টিকের বস্তা থেকে ৯৭ বোতল স্কাপ মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মোট পরিমাণ প্রায় ৯ হাজার ৭০০ মিলিলিটার।
ডিবি পুলিশ জানায়, অংকনের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।






