নওগাঁয় চাকরি মেলা: ১৩২ জনের কর্মসংস্থান

দক্ষতা উন্নয়ন ও নিয়োগদাতার সঙ্গে সরাসরি সংযোগে নতুন সুযোগ।

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ: তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা বিকাশে সহায়তা দিতে নওগাঁয় দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। এ মেলার মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সরাসরি সংযোগ স্থাপনের সুযোগ তৈরি হয়েছে।

সোমবার (২২ জুন) সকালে নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বরে ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় রিকভারি এন্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট প্রকল্পের আওতায় মৌসুমী ও দাবি মৌলিক উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মৌসুমী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এরফান আলীর সভাপতিত্বে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মতিয়ার রহমান, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আমিনা খাতুন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামসুজ্জামান, প্রকল্প ব্যবস্থাপক ফয়জুল তারিক চৌধুরীসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান তরুণ জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তর করতে হলে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। একই সঙ্গে বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে যোগাযোগ, নেতৃত্ব, সমস্যা সমাধান ও কর্মক্ষেত্রভিত্তিক জীবনদক্ষতা অর্জন অপরিহার্য।

মেলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের ২০টি প্রতিষ্ঠান অংশ নিয়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করে। কয়েকটি প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে সাক্ষাৎকার নিয়ে নিয়োগ প্রদান করে। একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান একাই ৩৫ জনকে চাকরি দেয়।

সব মিলিয়ে মেলায় ১৩২ জন তরুণ-তরুণী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পান। এছাড়া কিছু প্রতিষ্ঠান জীবনবৃত্তান্ত সংগ্রহ করে পরবর্তী যাচাই-বাছাই শেষে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে।

আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার পাশাপাশি বেকারত্ব কমাতে কার্যকর ভূমিকা রাখবে।