যুক্তরাষ্ট্র-ইরান সংলাপে অগ্রগতি: ৬০ দিনের রোডম্যাপে সম্মতি

ইসলামাবাদ সমঝোতায় অগ্রগতি, ৬০ দিনের রোডম্যাপে সম্মত পক্ষগুলো। যুক্তরাষ্ট্র-ইরান সংলাপে ইতিবাচক অগ্রগতি, কূটনৈতিক তৎপরতায় প্রশংসা পাকিস্তানের।
আন্তর্জাতিক ডেস্ক: সুইজারল্যান্ডে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে ইসলামাবাদ সমঝোতা কাঠামোর অধীনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৈঠকে আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে রোডম্যাপ নির্ধারণে সম্মত হয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে অনুষ্ঠিত বৈঠকটি ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে, যা রাজনৈতিক তদারকি করবে এবং পরবর্তী কারিগরি আলোচনা শুরুর পথ উন্মুক্ত করবে।
শাহবাজ শরিফ যুক্তরাষ্ট্র ও ইরানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তাদের গঠনমূলক সম্পৃক্ততা এই অগ্রগতির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে বিভিন্ন বন্ধুপ্রতিম ও ভ্রাতৃপ্রতিম দেশের সহায়তার কথাও উল্লেখ করেন তিনি।
বিশেষভাবে কাতারের অবদানের কথা তুলে ধরে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আলোচনার অনুকূল পরিবেশ তৈরিতে দেশটির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া বৈঠকের আয়োজনের জন্য সুইস সরকারের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
এ প্রসঙ্গে পাকিস্তানের সামরিক নেতৃত্ব ও কূটনৈতিক কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করেন শাহবাজ শরিফ। তিনি বলেন, সেনাপ্রধানের নিরলস প্রচেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট দলের কার্যকর কূটনৈতিক উদ্যোগ ছাড়া এই অগ্রগতি সম্ভব হতো না।
তিনি আরও জানান, শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানের লক্ষ্যে সংলাপ ও কূটনীতির পথেই পাকিস্তান তার আন্তরিক ভূমিকা অব্যাহত রাখবে।







