রাজশাহীতে তায়কোয়ানডো দোজাংয়ের ২৬তম বেল্ট বিতরণ

আত্মরক্ষার কৌশল শেখায় শিশু-কিশোরদের আগ্রহ বাড়ছে, অংশ নিলেন প্রায় ৭০ প্রশিক্ষণার্থী।

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীতে তায়কোয়ানডো দোজাংয়ের ২৬তম বেল্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপশহরস্থ শহীদ আব্দুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তায়কোয়ানডো দোজাং রাজশাহী শাখার সভাপতি ও বাংলাদেশ কৃষকদল রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক শরফুজ্জামান শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আব্দুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক, জেলা ক্রীড়া সংস্থা রাজশাহীর সদস্য সচিব মোজাম্মেল হক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোজাদ্দেদ জামানী সুমন এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইফুদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে তায়কোয়ানডো দোজাংয়ের প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বর্তমান সময়ে ব্যক্তিগত নিরাপত্তা ও আত্মরক্ষার কৌশল জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট প্রশিক্ষণ সময়োপযোগী ভূমিকা রাখছে এবং এ ক্ষেত্রে তায়কোয়ানডো দোজাং গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশেষ করে কন্যাশিশু ও কিশোরীদের জন্য এই প্রশিক্ষণ আরও জরুরি বলে তারা উল্লেখ করেন।

তারা সকল শিশুকে আত্মরক্ষার কৌশল শেখার জন্য তায়কোয়ানডো প্রশিক্ষণে অংশগ্রহণের আহ্বান জানান এবং এ বিষয়ে অভিভাবকদের এগিয়ে আসার পরামর্শ দেন।

অনুষ্ঠানের শেষে প্রায় ৭০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে বিভিন্ন গ্রেডের বেল্ট প্রদান করা হয়। এর আগে প্রশিক্ষণার্থীরা আত্মরক্ষার বিভিন্ন কৌশল প্রদর্শন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।