৩৭ বছর পর প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সোনম খান

ত্রিদেব’ ছবির সময় পরিচালকের সঙ্গে সম্পর্ক ছিল না, দাবি বলিউড অভিনেত্রীর

টুইট বিনোদন ডেস্ক: বলিউডের আলোচিত ছবি ‘ত্রিদেব’ ঘিরে দীর্ঘদিন ধরে চলা প্রেমের গুঞ্জন অবশেষে নাকচ করলেন অভিনেত্রী সোনম খান। ছবিটি মুক্তির প্রায় ৩৭ বছর পর তিনি জানিয়েছেন, পরিচালক রাজীব রায়ের সঙ্গে শুটিং চলাকালে তার কোনো প্রেমের সম্পর্ক ছিল না।

আশির দশকের শেষভাগে মুক্তি পাওয়া ‘ত্রিদেব’ ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর থেকেই আলোচনা ছিল, পরিচালকের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই নাকি ছবিতে সোনম খান বিশেষ গুরুত্ব পেয়েছিলেন। বিশেষ করে জনপ্রিয় গান ‘ওয়ে ওয়ে’ এবং তার পর্দা উপস্থিতি ঘিরে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ওয়ে ওয়ে’ গানের একটি ভিডিও প্রকাশ করে সোনম খান লিখেছেন, ‘না, পরিষ্কারভাবে বলছি,ত্রিদেব-এর শুটিং চলাকালে আমার পরিচালকের সঙ্গে কোনো প্রেম ছিল না।’

অভিনেত্রী জানান, অনেকেই ধারণা করতেন পরিচালক রাজীব রায়ের সঙ্গে সম্পর্ক থাকার কারণেই তিনি বেশি পর্দা সময় পেয়েছেন। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। তার দাবি, ছবির শুটিংয়ের সময় রাজীব রায়ের জীবনে অন্য একজন ছিলেন এবং তিনিও তখন অন্য একটি সম্পর্কে ছিলেন।

সোনম বলেন, রাজীব রায় শুটিং সেটে তার প্রেমিকাকে নিয়ে আসতেন। একইভাবে তার নিজের প্রেমিকও শুটিংয়ের আশপাশে থাকতেন। তাই তাদের মধ্যে গোপন সম্পর্কের কোনো বিষয় ছিল না।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, শুরুতে ‘ত্রিদেব’-এর জন্য তাকে নিতে আগ্রহী ছিলেন না রাজীব রায়। অন্য এক অভিনেত্রীকে নেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। পরে পরিস্থিতির কারণে তিনি ছবিতে সুযোগ পান।

সোনম জানান, ছবিটি মুক্তির পরই তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। তখন দুজনই অবিবাহিত ছিলেন এবং নিজেদের সিদ্ধান্তের জন্য কারও কাছে জবাবদিহি করতে হয়নি।

পরবর্তীতে সোনম খান ও রাজীব রায়ের সম্পর্ক বিয়েতে গড়ায়। ১৯৯১ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর অভিনয় থেকে অনেকটাই দূরে সরে গিয়ে পরিবারকে সময় দেন সোনম।

দীর্ঘদিন একসঙ্গে থাকার পর ২০০১ সালে তারা আলাদা হয়ে যান। পরে ২০১৬ সালে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ সম্পন্ন হয়।

বলিউডে ‘ত্রিদেব’ আজও নব্বইয়ের দশকের জনপ্রিয় ছবিগুলোর একটি হিসেবে বিবেচিত। তবে ছবিকে ঘিরে পুরোনো সেই গুঞ্জনকে এবার সরাসরি অস্বীকার করলেন সোনম খান।