ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ ঢাবি শিক্ষিকা মোনামির

ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে সমালোচনার জবাব; সুযোগ পেলে আবারও নাচবেন বলে জানালেন তিনি

টুইট ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মোনামি নিজের নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। ভিডিওটি সংবাদমাধ্যমে সরবরাহের পেছনে অর্থ উপার্জনের উদ্দেশ্য থাকতে পারে বলে ধারণা করছেন তিনি। তবে নিজের নাচ নিয়ে কোনো অনুশোচনা বা বিব্রতবোধ নেই বলে জানিয়েছেন এই শিক্ষিকা।

মোনামির ভাষ্য, যিনি ভিডিওটি সংবাদমাধ্যমে দিয়েছেন, আল্লাহ যেন তাঁকে উপার্জনের আরও সম্মানজনক ও হালাল পথ দেখান।

সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব কথা জানান শেহরীন আমিন ভুইয়া মোনামি। তিনি উল্লেখ করেন, দেশে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। অথচ সেসব বিষয় ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তাঁর ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচের ভিডিও।

ভিডিওটি কীভাবে ছড়িয়ে পড়েছে, সে বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন তিনি। মোনামি জানান, প্রথমে তাঁর এক বন্ধু ভিডিওটি ফেসবুকে শুধু বন্ধুদের দেখার জন্য শেয়ার করেছিলেন। পরে তিনি নিজেও নিজের ফেসবুক পাতায় ভিডিওটি শেয়ার করেন। তাঁর ধারণা ছিল, ভিডিওটি বন্ধুদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

নিজের নাচ নিয়ে সমালোচনার জবাবে মোনামি প্রশ্ন তোলেন, নান্দনিকভাবে নাচার জন্য বয়স কিংবা শারীরিক গঠন কেন তথাকথিত আদর্শ মানদণ্ড হতে হবে? রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তিদের অনলাইন বিদ্রূপের শিকার হতে পারেন, এমন আশঙ্কা আগে থেকেই ছিল বলেও জানান তিনি।

মোনামি বলেন, এটি তাঁর একমাত্র ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। ভাইয়ের বিশেষ দিনে নাচার ইচ্ছা তাঁর দীর্ঘদিনের। ভবিষ্যতে এমন সুযোগ পেলে আবারও নাচবেন তিনি। এ নিয়ে তাঁর মনে কোনো লজ্জা বা বিব্রতবোধ নেই। বরং নাচকে আনন্দ প্রকাশের স্বাভাবিক অভিব্যক্তি হিসেবেই দেখছেন তিনি।